ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় উখিয়ায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বিকেল চারটায় উপজেলা যুবদলের উদ্যোগে উখিয়া মসজিদ মার্কেট-সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গণজমায়েত হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী প্রশাসনের উদ্দেশে বলেন, উখিয়ার আওয়ামী লীগের অবৈধ সম্পদশালী, মাদক কারবারি ও অস্ত্রধারী নেতাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। ক্ষমতায় থাকাকালীন যারা ইয়াবার কারবার, জমি দখল, চাঁদাবাজি, লুটপাট, জুলুম-জিম্মিসহ বিভিন্ন অপরাধ সংঘটিত করেছে তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। ১৫ আগস্টের নামে নাশকতার চেষ্টা করা হলে শক্ত হাতে দমন করা হবে।
তিনি আওয়ামী লীগ নেতা ও সাবেক সাংসদ আব্দুর রহমান বদি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আহমদ, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সালাউদ্দিন, আবছার, তহিদসহ বিভিন্ন নেতার নাম উল্লেখ করে সরওয়ার জাহান চৌধুরী তাদের অবৈধ সম্পত্তি জব্দ করে আইনের আওতায় আনার কথা বলেন।
বিভিন্ন মামলার চার্জশিটভুক্ত আসামী হওয়ায় এবং
বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন প্রতিহতের ভূমিকা রাখায় উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে জাহাঙ্গীর কবির চৌধুরী ও রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদ থেকে মো. সালাউদ্দিনকে বরখাস্ত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে দাবি জানান তিনি। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা দ্বারা তার শাসনামলে সংঘটিত সকল হত্যার বিচার দাবি করেন এই বিএনপি নেতা।
উপজেলা যুবদলের সদস্য সচিব খাইরুল আমিনের পরিচালনায় সমাবেশে সভাপতিত্ব করেন আহ্বায়ক সাইফুর রহমান (সিকদার)।
বিক্ষোভ সমাবেশে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর নেতারা বক্তৃতা করেন।
এ সময় বক্তারা বলেন, ১৫ আগস্ট সারা দেশে বিএনপির কর্মসূচি রয়েছে। কর্মসূচি চলাকালে আওয়ামী লীগ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করলে, তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। প্রতিপক্ষের নাশকতা ঠেকাতে ভিন্ন ধর্মালম্বীদের বিভিন্ন মন্দির, বিহার রক্ষা করার নির্দেশ দেওয়া হয় নেতা-কর্মীদের।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, সিনিয়র সহসভাপতি জহুর আহমদ চৌধুরী, সহ-সভাপতি দলিলুর রহমান শাহীন, অ্যাডভোকেট রেজাউল করিম রেজা, যুগ্ম সম্পাদক তারেক মাহমুদ চৌধুরী রাজিব, সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ মনি, দপ্তর সম্পাদক সেলিম সিরাজি ও আলমগীর সিকদার হান্না।
এ সময় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, আজফার সাবিত চৌধুরী, মনিরুল আলম চৌধুরী; উপজেলা কৃষক দলের আহ্বায়ক মনির আহমদ, সদস্য সচিব সাদমান জামি চৌধুরী; উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জয়নাল আবেদীন, সদস্য সচিব রিদুয়ান রহমান; উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মালেক মানিকসহ উপজেলা বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।