কক্সবাজারের বাইশফাঁড়ী এবং তুমব্রু সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে বসবাসরত মিয়ানমারের উপজাতি সম্প্রদায়ের ২০টি পরিবারের ৭১ জন নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।
বুধবার (২৩ জুলাই)বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি।
এসময় তিনি বলেন, ৩৪ বিজিবির অধীনস্থ বাইশফাঁড়ী এবং তুমব্রু বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় তংচংঙ্গা ও হেডম্যান পাড়ায় মিয়ানমারের উপজাতি সম্প্রদায়ের ওই ২০টি পরিবার দীর্ঘ ১ থেকে ২ বছর ধরে বাংলাদেশের অভ্যন্তরে বসবাস করে আসছিল। এরা বাংলাদেশি স্থানীয় উপজাতি সম্প্রদায়ের সাথে মিশে থেকে বসবাসের চেষ্টা করছিল।
তিনি আরো বলেন, মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ভিশন “সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” বাস্তবায়নের লক্ষ্যে এই মিয়ানমার নাগরিকদের দীর্ঘদিন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। পেশাদারিত্ব, ধৈর্য এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে ২২ ও ২৩ জুলাই তারিখে বাইশফাঁড়ী ও তুমব্রু বিওপির দায়িত্বপূর্ণ এলাকার তংচংঙ্গা পাড়ায় বসবাসরত তাদের নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব হয়।
দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বর্তমানে বাংলাদেশের অভ্যন্তরে আর কোনো মিয়ানমারের তংচংঙ্গা বা উপজাতি সম্প্রদায়ের বসবাস নেই। সীমান্ত এলাকায় অপরাধ দমন, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।